রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সামনের সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান মোশাররফ হোসেন। তিনি চোখে কম দেখতেন। প্রাথমিকভাবে জানা গেছে, নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা স্থানে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।
ডিসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার বিষয়ে জানানো হয়েছে। সে অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফিরলে তাঁর বাবার দাফন সম্পন্ন করা হবে।