কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্তোরাঁ ও রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।