জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা কার্যকর থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দিবসটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন আয়োজনের উদ্যোগ রয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।