বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ বাড়াতে কনসার্ট আয়োজন, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব দাবি তুলে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।
এ সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যমান সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ হচ্ছে। যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিতের দাবি জানান ছাত্রদলের নেতারা। স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে স্বেচ্ছাসেবীদের আগ্রহ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ ও ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক আবদুল আলীম শিক্ষার্থীদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক কাঠামো অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন নবনিযুক্ত উপদেষ্টা।