২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে—দুটি শুক্রবার ও দুটি শনিবার।
এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে—একটি শুক্রবার ও দুটি শনিবার।
নাসিমুল গনি বলেন, সাপ্তাহিক ছুটির সাত দিন—তিনটি শুক্রবার ও চারটি শনিবার—বাদ দিলে ২০২৭ সালে সরকারি ছুটি কার্যকর হবে মোট ২২ দিন। মন্ত্রিসভা ছুটির তালিকাটি অনুমোদন করেছে।
তিনি আরও জানান, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের জন্য বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা বৈসাবি বা নিজস্ব প্রধান সামাজিক উৎসব উদ্যাপনে দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।
এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।