প্রযুক্তিনির্ভর, মেধাভিত্তিক ও জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গড়তে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্যপ্রযুক্তির চর্চা এবং মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে রাজনৈতিক পটপরিবর্তনের পরও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’—এ নীতিকে সামনে রেখে কাজ করতে হবে। তাঁর ভাষ্য, দেশ মানে শুধু ভূখণ্ড বা পতাকা নয়; এর সঙ্গে জনগণের স্বাধিকার ও মালিকানার বিষয়টিও জড়িত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ নাসিরউদ্দিন পিন্টুসহ ছাত্রনেতাদের প্রচেষ্টা এবং বেগম খালেদা জিয়ার ইচ্ছায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।
তিনি আরও জানান, বর্তমান ক্যাম্পাসের পাশাপাশি কেরানীগঞ্জে ২০০ একর জমিতে স্বতন্ত্র ও আধুনিক আবাসিক সুবিধাসংবলিত নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের ক্ষেত্রেও সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উচ্চশিক্ষার মান নিয়ে মন্ত্রী বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জন একটি জাতির উন্নয়নের জন্য যথেষ্ট নয়। প্রয়োজন শিক্ষার গুণগত পরিবর্তন ও গবেষণার পরিবেশ তৈরি করা। বিশ্ববিদ্যালয়কে কেবল কর্মসংস্থানের প্রস্তুতিকেন্দ্র হিসেবে নয়, মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার প্রতিষ্ঠান হিসেবেও গড়ে তুলতে হবে।
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে হবে। সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে তাল মেলাতে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও মেধাবী জনবল তৈরির বিকল্প নেই।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেম ধারণ করে জাতীয় ঐক্য বজায় রাখার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।