ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে ফুটপাতের ওপর মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, পথচারীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।