রাজশাহী রেলস্টেশনে রাতের উত্তেজনা, রেললাইন অবরোধ ও ভাঙচুরের ঘটনার পর সোমবার সকাল থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।
সকাল থেকেই স্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও ট্রেনে ওঠানামার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে রাতের অবরোধের কারণে একটি ট্রেন কিছুটা বিলম্বে চলাচল করেছে।
রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, রাতের অবরোধে হরিয়ান স্টেশনে আটকে পড়া একটি ট্রেন সকালে প্রায় ২০ মিনিট দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর রাজশাহী-ঢাকা, রাজশাহী-খুলনা, রাজশাহী-চিলাহাটি ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা মারধর করেছেন—এমন অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসসংলগ্ন রেললাইন এলাকায় বিক্ষোভ করেন এবং পরে অবরোধ দেন।
পরিস্থিতি একপর্যায়ে মধ্যরাতে রাজশাহী রেলস্টেশন পর্যন্ত গড়ায়। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেওয়ার পর স্টেশনের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জামে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।
রাতের পরিস্থিতির কারণে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। এ ছাড়া বিভিন্ন দিক থেকে রাজশাহীমুখী কয়েকটি ট্রেনও পথে আটকা পড়ে। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
পরে প্রশাসন, রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। শিক্ষার্থীরা স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার পর রেলপথে প্রতিবন্ধকতা না থাকায় সোমবার ভোর থেকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এদিকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলস্টেশনে রাতের ভাঙচুরে রেলওয়ের সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টিও তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।