দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আনুষ্ঠানিকতা শুরু করেছে পুলিশ। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, এমপি নজরুলকে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করতে হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।
ওসি জানান, মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ রোববার রাতে থানায় মামলা করেছেন। মামলাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা হয়েছে।
রিমান্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মরিয়মের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।