জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসাইন হৃদয়ের বিরুদ্ধে দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাঁকে লিখিত জবাব দিতে হবে।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পোস্টে সাজ্জাদ লিখেছিলেন, ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার পর বিএনপির অধিকাংশ কর্মসূচিতে তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অংশ নিয়েছেন। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও জানান তিনি।