ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্যে ২০২৩ সালের হিসাবে এ চিত্র উঠে এসেছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।
তবে উত্তর আমেরিকার দুই দেশে গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
ডব্লিউএইচও গত শুক্রবার (২ অক্টোবর) নতুন এই তথ্য প্রকাশ করে। সংস্থাটি বলছে, বেশি বছর বেঁচে থাকা এবং সুস্থভাবে বেঁচে থাকা একই বিষয় নয়। মানুষের স্বাস্থ্যকর জীবনযাপনের সময় সাধারণত মোট গড় আয়ুর তুলনায় কম।
ডব্লিউএইচওর তথ্য বলছে, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু করোনার আগের সময়ের কাছাকাছি ফিরে এসেছে। ওই বছর বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর।
করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির সঙ্গে এটি আবার বাড়তে শুরু করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। তবে এখন বড় চ্যালেঞ্জ হলো, মানুষ যেন দীর্ঘ সময় সুস্থ শরীরে জীবনযাপন করতে পারে।