রাজধানীর চারটি বার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। এর মধ্যে রয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
অভিযান চলা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।
সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। পাশাপাশি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকদের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
এসব অভিযোগ খতিয়ে দেখতে সিআইআইডির পক্ষ থেকে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
অভিযান ও অনুসন্ধান শেষে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।