সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত।
এ ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।