রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালতে পুলিশের আবেদনে বলা হয়, বিমানবন্দরের ঘটনার পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার রিমান্ড শুনানির জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে ৩৪ জন জামায়াত প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। ওই সময় বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হয়। একই সময়ে লাগেজ ও ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহেও বিলম্ব হয়।
এ ঘটনায় আখতারুজ্জামানসহ কয়েকজন উত্তেজিত হয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এজাহারে অভিযোগ করা হয়, এ সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে রূঢ় ও আক্রমণাত্মক আচরণ করেন এবং তাকে হুমকি দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় একপর্যায়ে তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভিডিও ধারণে নিষেধ করায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গেও আখতারুজ্জামান বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও আনা হয়েছে। পাশাপাশি জমজমের পানির বোতল ছুড়ে ফেলার অভিযোগ রয়েছে।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আখতারুজ্জামানকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর শুক্রবার বিমানবন্দর থানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়।
এদিকে জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কনটেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে জমজমের পানি ব্যাগেজ বেল্টে পৌঁছাতে সাময়িক বিলম্ব হয়েছিল। বিষয়টি জানার পর সংরক্ষিত মজুত থেকে দ্রুত পানি সরবরাহ করা হয় এবং পরে অপর কনটেইনার শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।
অন্যদিকে মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে দলটি। শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।