সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা তাঁরা জানেন না। বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য সামনে এলেও সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব—তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখলে এ ধরনের তৎপরতা বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, এ ধরনের ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
বিরোধী দলের প্রতি সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখা হচ্ছে, রাজপথেও একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান প্রসঙ্গেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাঁরা শুনছেন, স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে না। এমনটি সত্য হলে তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।