জ্বালানির দাম বাড়ানোর পর দেশে কীভাবে সংকটের অবসান হলো, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ব্যাখ্যা চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যদের সূত্রে জানা যায়, বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। আলোচনায় বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ নিয়েও আলোচনা হয়।
এ সময় কমিটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি সংকট কেন তৈরি হয়েছিল এবং সংকটের সময় ও পরবর্তী সময়ে সরবরাহ ব্যবস্থা একই থাকার পরও শুধু দাম বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকটের অবসান হয়েছে।
পাশাপাশি জ্বালানি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উপায় এবং দাম কমানো-বাড়ানোর ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
দেশের বর্তমান জ্বালানি চাহিদা, সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বিপিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য দেওয়ার সুপারিশ করেছে কমিটি।