বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে মাটি ও বালু তোলার অভিযোগে নৌ পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হকের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি ভিডিওতে এমপিকে অভিযোগ করতে শোনা যায়, মাটি কাটার সঙ্গে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। পাশাপাশি নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
তবে পরিদর্শক আমিনুল হক অভিযোগ অস্বীকার করে জানান, মঙ্গলবার বিকেলে এমপি তাকে নদীতে অবৈধভাবে চলা ‘গ্রাফি’ বন্ধের বিষয়ে ফোন করেছিলেন। নদীতে যাতে কোনো গ্রাফি নামতে না পারে, সে জন্য অভিযান চালানোর কথা জানান তিনি।
এর আগে বক্তাবলী এলাকায় এনসিপির নেতা তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগে দলটির নেতা-কর্মীরা ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নেন।
তৌহিদুলের ওপর হামলার ঘটনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এনসিপির নেতাদের দাবি, অবৈধ মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় তৌহিদুলের ওপর হামলা হয়েছে।