কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় তার হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়।
বিএফআইইউর বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবের সুদ আয় ও উৎসে করের (টিডিএস) তথ্যও দিতে বলা হয়।
ব্যাংকগুলোকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ওই বার্তার তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়।
দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে বিএফআইইউর এই বার্তা পাঠানো হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। এ ঘটনায় তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুললেও পরে জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি।
এ ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।