1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

অপ্রতিম হত্যার বিচার রামিসার মামলার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো এ মামলাটিও স্বল্প সময়ে নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, তাদের মধ্যে তিনজনকে আগে এবং একজনকে রোববার আটক করা হয়েছে। তাদের কয়েকজন অপ্রতিমের পরিচিত ছিল এবং নিয়মিত তার সঙ্গে আড্ডা দিত। তদন্তে তাদের কয়েকজনের বয়স অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারদের বয়স নিয়েও যাচাই চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধারের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মামলার প্রয়োজনীয় আলামত জব্দ করেছে পুলিশ। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখন আইনানুগ প্রক্রিয়ার পাশাপাশি ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়ে কাজ চলছে।

তদন্তে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি জানান, অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের কাজ হয়েছে। অপ্রতিমের ময়নাতদন্ত শেষে রোববার তার দাফনও সম্পন্ন হয়েছে।

দ্রুত বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো অপ্রতিম হত্যার মামলাটিও স্বল্প সময়ে শেষ করার চেষ্টা করা হবে। তবে বিচারিক সিদ্ধান্ত আদালতের বিষয় এবং এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি