নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর রাজধানীর ধানমন্ডিতে পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জুয়েলার্স কর্তৃপক্ষের দাবি, চুরির পর থেকে তাদের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, চুরির আগে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সহযোগিতা করতে দেখা গেছে বলে জানান তিনি। দোকানে প্রবেশের পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সনজিৎ শীল আরও জানান, সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় এক নিরাপত্তাকর্মীকে পাওয়ার তথ্যও পাওয়া গেছে। ঢাকা প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিং এলাকায় একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর ভাষ্য, নিরাপত্তাকর্মী সালাম তাঁকে এক জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও কলা খান। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা আর বলতে পারেননি আব্দুর রহিম।
সুপারভাইজার রিপনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আব্দুর রহিম ধারণা করেন, তাঁকে হয়তো চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, সকালে দায়িত্বে এসে তিনি চুরির ঘটনা জানতে পারেন। তাঁর তথ্য অনুযায়ী, কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে এবং নিজাম সরদার নামে আরেক কর্মী পলাতক রয়েছেন।
শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শপিং মল ঘিরে পুলিশের অবস্থান দেখা যায়। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। রমনা বিভাগের গোয়েন্দা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার লুট হয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে চুরি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে দোকানে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। তবে একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় চুরির চেষ্টা ব্যর্থ হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।