ময়মনসিংহে হামের প্রকোপের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।
শনিবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া দুই শিশুই মেয়ে। তাদের একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা, বয়স ১০ মাস। অন্য শিশুটির বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়, বয়স ৭ মাস। হামের পাশাপাশি তাদের অন্যান্য শারীরিক জটিলতাও ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ১৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ জন।