ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান বাবু (২৪), খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও হালিউড়া গ্রামের বাসিন্দা রোমান মিয়া (৩২) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আজহারুল ইসলাম বলেন, নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।