ময়মনসিংহ নগরীতে বৈঠা তৈরির সময় ২২টি নতুন বৈঠাসহ মোজাম্মেল হোসেন মামুন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় বৈঠা তৈরির কাজে নিয়োজিত অবস্থায় মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২২টি নতুন বৈঠা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে যৌথ অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা বৈঠাগুলো থানায় নেওয়া হয়েছে। এগুলো কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ তৎপর রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।