রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে।
এতে আরও সতর্ক করা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে ওজোপাডিকো।