পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
এর আগে বুধবার স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, পরিষদের সদস্য এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। ইসলামাবাদের পাশাপাশি প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের কর্মসূচি রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।