ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ হলো প্রত্যর্পণ চুক্তি। এ প্রক্রিয়ায় তাঁকে ভারতের কাছ থেকে হস্তান্তর করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে মূল্যহীন ও অপ্রাসঙ্গিক। তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে এবং হাতকড়া পরিয়ে আনার কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে ভারতও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করছে। তাঁকে রাখা এবং এ পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টি ভারতও উপলব্ধি করছে বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনাকে অপরাধী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, তাঁকে দেশে ফেরানোর একমাত্র প্রক্রিয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি।
প্রত্যর্পণ নিয়ে দুই দেশের আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার অনুরোধ জানিয়েছে। ভারতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের আরও কয়েকজন এবং হাদি হত্যাকাণ্ডের আসামিরাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির জানান, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।