গোপালগঞ্জে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় অনেক ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো ও উত্তোলন বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে ভোগান্তিতে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আয় কমেছে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদেরও।
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী পবিত্র বিশ্বাসের ছেলে ঢাকায় একটি মেসে থাকেন। সম্প্রতি ছেলের খাবারের বিল পরিশোধের জন্য দুই হাজার টাকা প্রয়োজন হলে তিনি বিকাশে টাকা পাঠানোর চেষ্টা করেন। কিন্তু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকার বার্তা পাওয়ায় কয়েকবার চেষ্টা করেও লেনদেন করতে পারেননি। পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের মাধ্যমে অতিরিক্ত ১০০ টাকা দিয়ে ছেলের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করেন।
শহরের চা বিক্রেতা আলমের প্রয়োজন ছিল প্রায় সাত হাজার টাকা। কৃষিকাজের জন্য ধানের বীজ কিনতে পরিবারের কাছে টাকা পাঠানোর কথা থাকলেও বিকাশে লেনদেন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। সময়মতো বীজ কিনতে না পারলে বীজতলা তৈরি ও ধানের চারা রোপণে দেরি হওয়ার আশঙ্কা করছেন তিনি।
সদর উপজেলার কৃষক নুরু মিয়াও একই সমস্যায় পড়েছেন। শহরে পড়াশোনা করা সন্তানদের নিয়মিত খরচ পাঠাতে হয় তাঁকে। কৃষিকাজ ও দিনমজুরি করে সংসার চালানো এই কৃষকের জন্য বিকল্প উপায়ে টাকা পাঠানোও কঠিন হয়ে পড়েছে।
গোপালগঞ্জ বেতারের প্রকৌশল শাখার হিসাব সহকারী মিনহাজুল ইসলাম জানান, তিনি নিয়মিত বিকাশ থেকে মোবাইল রিচার্জ করেন। কিন্তু বুধবার রাত থেকে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। তাঁর বিকাশে ডিপিএস চালু থাকায় অ্যাকাউন্ট সচল না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা তাহেরা আক্তারও তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কথা জানিয়েছেন। ফেসবুকে অ্যাকাউন্ট বন্ধের স্ক্রিনশট প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ঢাকায় বসে গোপালগঞ্জের শাস্তি।’ তাঁর দাবি, গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তবে কেন সেটি বন্ধ হয়েছে, তা তিনি জানেন না।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল জানান, তাঁর নিজের বিকাশ অ্যাকাউন্ট সচল রয়েছে। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা পরিচিত কয়েকজনের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কথা শুনেছেন। তাঁর জানা মতে, গোপালগঞ্জে অবস্থান করলেও অন্য জেলার জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে লেনদেন বন্ধ থাকায় মোবাইল ব্যাংকিং এজেন্টদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের চৌরঙ্গী রোডের এক এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রাহকরা টাকা পাঠাতে বা তুলতে এসে ফিরে যাচ্ছেন। এতে তাঁদের ব্যবসা প্রায় বন্ধের মতো অবস্থা তৈরি হয়েছে। তাঁর মতে, সব ধরনের লেনদেন বন্ধ না করে প্রয়োজনে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত।
বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা জানান, বৃহস্পতিবার সারা দিনে তাঁদের ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহকও কম আসছেন। এতে তাঁদের আয়-রোজগারে প্রভাব পড়েছে।
তাঁর ভাষ্য, বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। বড় অঙ্কের লেনদেন হয় এমন অ্যাকাউন্টগুলো বেশি বন্ধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, মূলত ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতেই এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তবে কোনো এজেন্ট অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পাওয়া যায়নি। একেক গ্রাহকের ক্ষেত্রে একেক সেবায় সমস্যা দেখা দিচ্ছে। কারও বিকাশ, আবার কারও নগদ অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট বন্ধ থাকলেও বিকাশ সচল রয়েছে।
রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান জানান, রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। সমস্যার কারণ জানতে গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, তাঁদের কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অনেক ব্যক্তিগত অ্যাকাউন্টে এ ধরনের সমস্যার কথা তাঁরা জানতে পেরেছেন। কেন এবং কতসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই। বেশি লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
তবে সংশ্লিষ্টদের বক্তব্যে এখন পর্যন্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দিষ্ট কারণ, কতজন গ্রাহক এতে আক্রান্ত হয়েছেন কিংবা কবে নাগাদ লেনদেন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
মোবাইল ব্যাংকিং এখন গ্রাম থেকে শহর—সব জায়গায় দৈনন্দিন আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, চিকিৎসা ব্যয় কিংবা পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠানোর মতো জরুরি কাজে এ সেবার ওপর নির্ভর করেন অনেকে। তাই হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সীমিত আয়ের মানুষ।
ভুক্তভোগীদের দাবি, নিরাপত্তা বা অনিয়মের কারণে কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই করে নেওয়া হোক। পাশাপাশি সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেনের সুযোগ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।