রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে দাবি করেছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই আসামি। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে হত্যাকাণ্ডের এমন কারণ উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে বলে দাবি পুলিশের।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্যের ভিত্তিতে দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
তিনি জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় ইয়াবা সেবন করেন তাঁরা। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁকে দেখতে পান। পরে তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, তাঁদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল বলে জানায় পুলিশ। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গা থেকে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি মেলেনি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের দেওয়া তদন্তের ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তাঁর দাবি, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যা করার ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে।
গোপীনাথ চক্রবর্তী বলেন, শুরু থেকেই তাঁরা দাবি করে আসছেন, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা। তবে তাঁদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
আগের পুলিশি বক্তব্যে হত্যাকাণ্ডের বিবরণ
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠেছিলেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি ছাদে গেলে তাঁকে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী এবং ছেলে প্রিয়মকেও হত্যা করা হয় বলে তখনকার পুলিশি বক্তব্যে উল্লেখ করা হয়েছিল।
তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর আসামিরা বাড়িতে গোসল করেন, খাবার খান এবং ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে আসবাবপত্র ও আলমারি তছনছ করেন। বাড়ি থেকে স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি দুটি মুঠোফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন, যাতে আঙুলের ছাপ পাওয়া না যায়।
পরবর্তীতে নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে ঘটনার পর থেকেই দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অন্য কেউ জড়িত থাকার অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানানো হয়েছে।