নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ঐতিহ্য’ নামের একটি স্থাপনার উদ্বোধন করতে গিয়ে নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ কারণে উদ্বোধন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। একই সঙ্গে নামফলকটি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলার নির্দেশ দেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবহারের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি বর্তমানে পরিত্যক্ত। গাড়িটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ উদ্দেশ্যে গাড়িটি রাখার জন্য নির্মাণ করা হয় টিনশেডের একটি স্থাপনা, যার নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।
স্থাপনাটির উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নামও যুক্ত করা হয়। বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানান, নরসিংদীতে তাঁর এ ধরনের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হঠাৎ তাঁকে ফলকটি উদ্বোধনের আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখতে পেয়ে তিনি ক্ষুব্ধ হন। এ কারণে উদ্বোধন না করেই চলে আসেন এবং ফলকটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে পূর্বনির্ধারিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এ বিষয়ে শিবপুরের ইউএনও ফারজানা ইয়াছমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে তেমন গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তখনো উপস্থিত থাকায় পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।