পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, পোল্ট্রি খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন পশুপালন করছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।
প্রাণিসম্পদের উন্নয়নে রোগবালাইকে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এ খাতের ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ পণ্যের উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে।
তিনি জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
রপ্তানির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে সরকার নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি বলেন, চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানি করতেও সক্ষম হয়েছে। ভবিষ্যতে নতুন বাজার খুঁজে বের করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, মানসম্মত খাদ্য এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, খামার ব্যবস্থাপনা, গবেষণা, প্রশিক্ষণ ও টিকা উৎপাদনের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে এ খাতে স্বনির্ভরতা বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে।
উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষ পালনের সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এগুলো অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎস হয়ে উঠেছে। তবে পশুপাখির অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও জরুরি। প্রাণীদের ক্ষুধা-তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের সুযোগ দিতে হবে।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে দেশের প্রাণিজ পণ্য প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।