কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে আসছে বলে জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্যারালাইজড হওয়ার আশঙ্কা প্রকাশ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার আবেদন করেছেন তিনি। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ পলকের পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাঁকে আদালতে নেওয়া হয়। এ সময় তিনি আইনজীবীকে ডেকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। পরে তাঁর নির্দেশনায় সিএমএইচে চিকিৎসার আবেদন করা হয়।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পলক। বর্তমানে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার আদালতে এসে কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কথা জানান এবং প্যারালাইজড হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে সিএমএইচে চিকিৎসার আবেদন করা হয়।
আদালতে পলক তাঁর আইনজীবীকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া তাঁর জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। সেখানে নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। এ কারণে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান।
এদিকে, হোসেন হত্যা মামলায় অন্য আসামিদের আদালতে হাজির না করায় বুধবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। আদালতে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় পলক হত্যা মামলাটিসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে বলেন। দ্রুত সাক্ষীদের জেরা শেষ করার তাগিদও দেন তিনি।
শুনানি শেষে আদালতের নির্দেশের পর পুলিশ পাহারায় পলককে আদালত থেকে বের করা হয়। পরে তাঁকে হাজতখানায় না নিয়ে সরাসরি প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁর বিচার চলছে।