রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি কর্মী-সমর্থক সংগ্রহ করতেন। মিছিল আয়োজনের জন্য অর্থ দিয়েও তাঁরা সহায়তা করতেন বলে পুলিশের দাবি। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।