1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল, চালু হচ্ছে না পুড়িয়ে দেওয়া দুই থানা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ, আয় ৭ কোটি টাকার বেশি বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ সরকারের পল্টনে আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল, চালু হচ্ছে না পুড়িয়ে দেওয়া দুই থানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না বন্ধ থাকা ট্রেন চলাচল। একই সঙ্গে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও নিজস্ব ভবনে ফিরতে আরও সময় লাগবে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এসব কার্যক্রম চালুর বিষয়ে এখনই ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এদিকে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা সরকারি অর্থের তৃতীয় কিস্তি ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাতে জানা গেছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত নিজস্ব ভবনে ফিরছে না। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা থানার কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানালেও ভবন সংস্কার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ার। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি।

স্থগিত থাকবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা অর্থের তৃতীয় কিস্তি আপাতত গোপালগঞ্জে ছাড় করা হবে না।

সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় স্থগিত থাকবে। এতে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পর্যায়ের কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

১৫ নভেম্বরের ঘটনার পর বন্ধ রেল যোগাযোগ

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।

থানা দুটির কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

সরকারের অবস্থান বলপ্রয়োগ না করার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি মারণাস্ত্র ব্যবহার না করার অবস্থানও রয়েছে সরকারের। গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও এ অবস্থানের পরিবর্তন হবে না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

গোপালগঞ্জে চলত পাঁচটি ট্রেন

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে ফিরে আসত।

এ ছাড়া ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল এবং ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত যাতায়াত করত। ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বাসের তুলনায় কম সময়ে ও কম খরচে যাতায়াতের সুযোগ থাকায় অনেকেই রেলসেবার ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি থাকায় নতুন করে সংঘাত, হামলা বা ভাঙচুরের আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানা দুটির কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি