নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষের টেলিভিশন, আসবাবপত্র ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নৈশপ্রহরী অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় দায়িত্ব পালন করছিলেন। নিচে ছিলেন দুই গ্রাম পুলিশ। এ সময় পোড়া গন্ধ পেয়ে অলি মিয়া তাঁদের ডাকেন। পরে খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন তাঁরা।
কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের সরকারি কোয়ার্টার থেকে ইউএনও অলিদুজ্জামান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁরা পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। তবে ধনু নদ পার হয়ে খালিয়াজুরীতে পৌঁছাতে হয় তাঁদের। নদীর ওপর সেতু না থাকায় ফেরিতে যানবাহন পারাপারে সময় লাগে। এর মধ্যে স্থানীয় লোকজনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউএনও অলিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র অন্য কক্ষে থাকায় সেগুলোর কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।