পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম এবং উপজেলা সদরে অবস্থিত বাড়ি দুটিতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে তাঁর আরেকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভের একপর্যায়ে বাড়ি দুটিতে হামলার ঘটনা ঘটে।
তবে হামলা ও অগ্নিসংযোগে বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শ ম রেজাউল করিম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদকও ছিলেন।