নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে জামতলা এলাকায় লকডাউন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি জামতলায় শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় সেখানে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।