ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, বিমানবন্দরের সক্ষমতা, উড়োজাহাজ চলাচলের সংখ্যা, অবতরণের দিক ও রানওয়ের পরিসরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
মন্ত্রী বলেন, বিমানবন্দর নির্মাণ একটি বড় ও জটিল পরিকল্পনা। এ প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক যাচাইয়ের পাশাপাশি সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
ময়মনসিংহের আগে বগুড়ার বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বগুড়ার প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এম. রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তৃত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে। বিমানবন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ঘটবে। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তাঁর জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনার উদ্যোগ রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে পর্যটন সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলের চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে প্রকল্প নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে ঘিরে পর্যটন উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার পাশাপাশি শিক্ষা বিস্তার এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসূচি বাস্তবায়নের কথা জানান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।