জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজেই এ অভিযোগ জানান তিনি। একই দাবি করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। আগুনের পথ পেরিয়েও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁর অভিযোগ, একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের হামলা নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।