বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (ছাত্রশক্তি)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে কয়েক দফা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলার নিন্দা জানিয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তার মনে হয়েছে, রামদা দিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে। তবে আল্লাহর রহমতে হাসিব রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
রাশেদ খাঁন আরও জানান, হামলার বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে মৌলভীবাজারের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে এবং তার বাড়িসহ বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান চালিয়েছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মামলা দায়েরের জন্য এনসিপির মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা পুলিশের কাছে গেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।