কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এ বাসে করে কলেজে যাতায়াত করতেন।
সোমবারও শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজ শেষে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে রাখা হয়। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।