ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা আলহাজ্ব জসিম উদ্দিন মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ঈশ্বরগঞ্জজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
আলহাজ্ব জসিম উদ্দিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা মৃত আব্দুল মজিদ সরকার এবং মা জহুরা খাতুন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। দুই মেয়ের মধ্যে মলি আক্তার অস্ট্রেলিয়ার নাগরিক এবং পলি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা সোমবার বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর পস্তাইল উচ্চ বিদ্যালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব জসিম উদ্দিনের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবও।
শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।