লাইসেন্সসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে নেত্রকোনা পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে এসব যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় যানবাহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের যানজট কমানো ও লাইসেন্স ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে একজনের নামে একটি লাইসেন্স রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভায় আগে মোট লাইসেন্স ছিল ৫ হাজার ৬৫৯টি। এর মধ্যে ১ হাজার ৫০০টি ছিল একক নামে। নতুন করে নাম পরিবর্তনের জন্য আবেদন করেছেন ৩ হাজার ২৯৮ জন। পুরোনো একক নামে থাকা লাইসেন্স ও নাম পরিবর্তনের আবেদন মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৮টি।
তবে পৌরসভার এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন অটোরিকশা ও মিশুকের মালিক-চালকেরা। তাঁদের অভিযোগ, এক ব্যক্তির নামে একাধিক লাইসেন্স দেওয়া হবে না—এমন সিদ্ধান্ত থাকলে আগেই তা জানানো উচিত ছিল। অথচ একাধিক লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও আবেদন ফি জমা নেওয়া হয়েছে। এখন লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্তে তাঁরা আর্থিক ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন।
অটোরিকশা ও মিশুক মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন ভূট্টো বলেন, সমস্যা সমাধানে তাঁরা সংসদ সদস্যের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেছেন। পরে দুইভাবে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এক সপ্তাহেও কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন রাজনৈতিক নেতার কাছেও গিয়েছেন, কিন্তু সমাধান পাননি।
তিনি আরও বলেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা চলাকালে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নতুন করে লাইসেন্স দেওয়া হবে না বলে জানানো হয়। অথচ লাইসেন্সের জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন টাকা ফেরত দেওয়া হচ্ছে না, আবার লাইসেন্সও দেওয়া হচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এর আগে গত ১ নভেম্বর একই দাবিতে পৌরসভা ঘেরাও করেন অটোরিকশা ও মিশুকের মালিক-চালকেরা। এ সময় কয়েক ঘণ্টা পৌরসভার সামনের সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পৌর প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। তবে দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবার যানবাহন চলাচল বন্ধের কর্মসূচি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, অটো-মিশুক চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
পৌরসভার এক ব্যক্তির নামে একটি লাইসেন্স রাখার উদ্যোগ এবং আবেদন ও ফি জমা দেওয়ার পরও লাইসেন্স না পাওয়ার অভিযোগ—দুইয়ের মধ্যে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।