ময়মনসিংহের তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ ও একটি মুঠোফোনও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।
আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেছেন।