আগামী ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন শ্রমিকেরা হাতে পাবেন জানুয়ারি মাসে। যেসব শ্রমিকের বর্তমান বেতন নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে কম, তাঁদের বেতনের ঘাটতিও সমন্বয় করে দেওয়া হবে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবে। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
শ্রমিকদের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বর্ধিত বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।