প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে দায়িত্ব পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন। বক্তব্যে তিনি বলেন, স্লোগানটিকে হাদিস বললে অনেকে হয়তো তাঁর মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য তোষামোদ হিসেবে দেখবেন। তবে তাঁর মতে, এটি একটি শাশ্বত বাণী।
তিনি আরও বলেন, যাদের মধ্যে দেশপ্রেম নেই, তারা এ বক্তব্য অস্বীকার করতে পারেন। এমনকি ‘হুজুররা এই স্লোগান দিলে এতদিনে হাদিস হয়ে যেত’ বলেও মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গও বক্তব্যে টানেন মসিউর রহমান। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপরই তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের সঙ্গে তাঁর বিতর্কিত বক্তব্যের কোনো যোগসূত্র উল্লেখ করা হয়নি।