পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বোর্ডের বর্তমান চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে সরিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাম্প্রতিক সময়ে গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। পদাধিকারবলে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শেখ আশফাকুর রহমান।
বুধবারই নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। সভার দিনেই চেয়ারম্যান পদে এই পরিবর্তন আনা হলো।