ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ নম্বর স্টেশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এ আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে।
মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম। তারা জানায়, সকাল থেকেই ওই এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তা বিবেচনায় স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।