এখনও যারা সড়কে আন্দোলন করছেন, তাঁরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, চলমান আন্দোলনের সঙ্গে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবির সম্পর্ক নেই।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলেছেন। তবে সড়কে যাঁরা অন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে তিনি মনে করেন।
আন্দোলনে মুখোশধারীদের উপস্থিতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনও যাঁরা সড়কে অবস্থান করছেন, তাঁদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকেরা আগে কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। তাঁর দাবি, আন্দোলন থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজন মুখোশধারী সেখানে রাজনৈতিক স্লোগান দিয়েছেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন।