রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন পৌরসভার সাবেক মেয়র এবং অন্যজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৯ অক্টোবর) মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)।
আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। অন্যদিকে শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বলেন, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তাঁরা ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।