জনগণের কাছে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জনগণকে জোর গলায় বলতে পারবেন, তাঁদের নেতা, সংসদ সদস্য ও মন্ত্রী কমিশন খান না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে নিজের প্রসঙ্গে এ কথা বলেন আইনমন্ত্রী।
সভায় উন্নয়ন কার্যক্রম ও অনিয়মের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, উন্নয়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, উপজেলায় কোনো ধরনের মব জাস্টিস করতে দেওয়া হবে না। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার প্রতিটি গ্রামের রাস্তার কাজ সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
কারাগারে বন্দিদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, কারাগার পরিদর্শনে গিয়ে নারী বন্দিদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি গরমে বন্দিদের কষ্ট বিবেচনায় অতিরিক্ত ৩০টি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
এ সময় বিএনপি নেতা খলিলুর রহমান, ওসমান আলী বিশ্বাস, নজরুল ইসলাম জোয়ার্দার, মনিরুল ইসলাম হিঠু, রাকিবুল হাসান খান দিপু, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু ও সাজ্জাদুর রহমানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।